রাজধানীর বুড়িগঙ্গায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় লঞ্চ দুটিতে থাকা অন্তত অর্ধ শতাধিক যাত্রী আহত হয়। তাদের বেশির ভাগই চাঁদপুর থেকে আসা লঞ্চ ইমাম হাসানের যাত্রী ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গার পোস্তগোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদরঘাট নৌ থানার এসআই মো. শহীদ জানান, বরিশালগামী এমভি সুন্দরবন-১০ লঞ্চের সঙ্গে চাঁদপুর থেকে ছেড়ে আসা সদরঘাটগামী এমভি ইমাম হাসানের সংঘর্ষ ঘটে। এতে অনেক যাত্রী আহত হয়েছেন। তবে আহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ তালুকদার জানান, বিষয়টি জানা গেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
