প্যাটেলের স্পিনে ১১২ রানে শেষ ইংল্যান্ড

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩০

ঘরের মাঠে ২০১৯ সালের নভেম্বরে গোলাপি বলে নিজেদের প্রথম টেস্টে বাংলাদেশকে নাকাল করেছিল ভারত। নিজেদের চেনা কন্ডিশনে দিবারাত্রির দ্বিতীয় টেস্টেও দুর্বার বিরাট কোহলির দল। আহমেদাবাদে গতকাল গোলাপি বলে ভারতীয় স্পিন বিষে নীল হলো ইংল্যান্ড। বিশ্বের সর্ববৃহত্ ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ১১২ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

গতকাল দিনের খেলা শেষ হওয়ার চার বল আগে অধিনায়ক কোহলির উইকেট হারালেও সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনটা ভারতের দখলেই থাকছে। ৩ উইকেটে ৯৯ রান তুলে দিনের খেলা শেষ করেছে ভারত। ইংল্যান্ডের সংগ্রহ থেকে ১৩ রান দূরে দাঁড়িয়ে স্বাগতিকরা। রোহিত শর্মা ৫৭, আজিংকা রাহানে ১ রানে অপরাজিত আছেন। বাঁহাতি স্পিনার লিচের শিকার হওয়ার আগে কোহলি ২৭ রান করেন। এছাড়া গিল (১১) ও পুজারা (০) আউট হয়েছেন।

এর আগে টসজয়ী ইংলিশদের ব্যাটিং লাইনটা গুঁড়িয়ে দিয়েছেন অক্ষর প্যাটেল। ৩৮ রানে ৬ উইকেট নেন এ বাঁহাতি। অশ্বিন ৩টি, শততম টেস্ট খেলতে নামা ইশান্ত ১টি উইকেট পান। ইংল্যান্ডের ক্রাউলি ৫৩, রুট ১৭, ফোকস ১২, আর্চার ১১ রান করেন।