বিটিভির জেলাভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘বাংলাদেশের হৃদয় হতে’। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৬৪টি জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, মানুষের জীবন-জীবিকা, পোশাক-পরিচ্ছদ, খাবার, ভাষার ভিন্নতা সবকিছুই তুলে ধরা হয়। ‘বাংলাদেশের হৃদয় হতে’র এবারের পর্ব সাজানো হয়েছে সিরাজগঞ্জ জেলা নিয়ে।
আলিফ চৌধুরী ও নাহিদা আফরোজ সুমির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১০টা ২০ মিনিটে।
অনুষ্ঠানটির প্রযোজক শাহজামান মিয়া জানান, ‘সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারিবাড়ি, রজনীকান্ত সেন নবরুন মন্দির ও জয়সাগর দীঘিতে অনুষ্ঠানের চিত্র ধারণ করা হয়েছে। গানগুলোর চিত্রায়ণ করা হয়েছে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মনোরম স্থানে।’

এছাড়াও স্টুডিওতে সংগীত পরিবেশন করেছেন কন্ঠশিল্পী অপু ও অনুপমা মুক্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের কাচারি বাড়িতে বসে ‘ভালবেসো সখি নিভৃতে যতনে’ গানটি রচনা করেন। এখানেই গানটির দৃশ্যধারণ করা হয়েছে। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী বুলবুল ইসলাম।
ইত্তেফাক/বিএএফ
