আবারো এ শহর উত্সব-আয়োজনে মুখর হতে চলেছে। বিভিন্ন মাধ্যমের শিল্পীরা দীর্ঘদিন ধরে একেবারেই কর্মহীন থেকে যেন প্রাণপণে প্রার্থনায় ছিলেন এই মুখরতার। তারই ফলশ্রুতিতে প্রখ্যাত মডেল কোরিওগ্রাফার পিয়াল হোসেনের নির্দেশনায় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড শো’ অনুষ্ঠিত হবে ১৩ মার্চ। তারকাদের সম্মাননার পাশাপাশি ফ্যাশন ও মিউজিক্যাল শো অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, পিয়াল হোসেন গত কয়েকবছর ধরে বিশ্বের বিখ্যাত ইভেন্ট ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। এবারের আয়োজন প্রসঙ্গে পিয়াল বলেন, ‘আমার কাছে দেশের তারকাদের নান্দনিক উপস্থাপনাটা খুব জরুরি। দেখুন, আমাদের এই শোবিজ ইন্ডাস্ট্রিতে এত বছরেও অধিকাংশ শিল্পীর আলাদা ফ্যাশন ডিজাইনার নেই! এটা আমাকে অবাক করে। কোনো শিল্পীর ম্যানেজমেন্ট অফিস নেই। সেসব দিক বিবেচনা করেই শিল্পীদের একটা দারুণ প্লাটফর্মের উদ্যোগ আমি নিয়েছি। তারই প্রথমধাপ এই আইকনিক স্টার অ্যাওয়ার্ড। এরই ভেতরে আমরা শিল্পীদের সঙ্গে চুক্তি গড়েছি। অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের রিহার্সেলও চলছে একটানা। আশা করছি দারুণ এক জমকালো ইভেন্ট আমরা উপহার দেবো।’
অভিনেতা নিরব বলেন, ‘পিয়াল ভাইয়ের ফ্যাশন ইভেন্টে এর আগেও পারফর্ম করেছি। তবে এবারের আয়োজনটি অনেক বড়মাপের ও ভিন্নমাত্রার। আমি মনে করি দেশীয় শিল্পীদের নিয়ে এ ধরনের বড় আয়োজনকে আমাদের আরো সহযোগিতা করা উচিত।’ দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘পিয়ালের সঙ্গে পরিচয় অনেকদিনের। ও খুব গুছিয়ে কাজ করতে ভালোবাসে। আশা করছি এই ইভেন্টটিও দারুণ এক আয়োজন হবে।’
এই আয়োজনের ধারাবাহিকতা থাকবে কি-না জানতে চাইলে পিয়াল বলেন, ‘দেখুন, আমি দুই যুগেরও বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে। এই শিল্পকে ভালোবাসি বলেই এত বছর কাজ করে যাচ্ছি। আমার কথা হলো ভারত একটি আইআইফা অ্যাওয়ার্ড ইভেন্ট নিয়ে যদি সারাবিশ্বে ভ্রমণ করতে পারে আমরা অন্তত এশিয়া মহাদেশের আশেপাশে কাজ করার উদ্যোগ নিতে দোষ কোথায়! কিন্তু আমাদের ভেতরে এই আত্মবিশ্বাসকে মেরে ফেলার মানুষ দেখবেন অনেক। যখন কোনোকিছু বড় করে ভাববেন আপনি তখনই বাঁধা আসবে। তবে অনেকেই বলবে না এগিয়ে যান, আমরা আছি তো। তাই স্বপ্নটা আমি অনেক বড় করেই দেখতে চাই। এই আইকনিক অ্যাওয়ার্ড ইভেন্ট নিয়ে আমেরিকা, ইউরোপ অস্ট্রেলিয়ায় ট্যুর দেবো আমি।’ এই আয়োজনে এখন অবধি যে সকল তারকা পারফর্মেন্সের জন্য চূড়ান্ত হয়েছেন তারা হলেন চিত্রনায়ক ফেরদৌস, আসিফ আকবর, অপু বিশ্বাস, আঁখি আলমগীর, নিপুণ, নিরব, ইমন, তানহা তাসনিয়া, আঁচলসহ প্রায় অর্ধশত তারকা। আয়োজনটি দিনব্যাপী অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ফ্যাশন শো, শিল্পীদের সঙ্গে আলাদা সেশনসহ নানা ভাগে ভাগ করা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরজে নিরব ও ক্যাটরিনা ক্রোরি।
