ডিএমএস-এর ৪ বছর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৯

এদেশের সংগীতাঙ্গনে বর্তমানে আলোচিত ও জনপ্রিয় নাম ধ্রুব গুহ। ‘যে পাখি ঘর বোঝে না’ গানটি দিয়ে তিনি দর্শক-শ্রোতার হূদয়ে স্থান করে নিয়েছেন। এছাড়া তার ধ্রুব মিউজিক স্টেশনও সফলতার সঙ্গে ৪ বছর পার করলো। মানসম্মত কাজের প্রতিশ্রুতিতে বাংলা গানকে করছে সমৃদ্ধ। তবে গানের বাজারে ভিউ গোনার প্রতিযোগিতায় অসংখ্য মানহীন গান ও ভিডিও দেখতে পাওয়া যায় হরহামেশা। এক্ষেত্রে ধ্রুব মিউজিক স্টেশন অনেকটাই ব্যতিক্রম। গান ও মানসম্মত মিউজিক ভিডিও নির্মাণে বরাবরই আপোসহীন এই অডিও লেভেল কোম্পানিটি। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘আমরা ২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকেই গান ও মিউজিক ভিডিওর মানের বিষয়ে কোনো ছাড় দেইনি। পরবর্তীতেও দিতে চাই না। আমরা চাই গানের মান ও দর্শক চাহিদার কথা মাথায় রেখে বাংলা গানকে সবার কাছে পৌঁছে দিতে। দর্শক চাহিদায় মিউজিক ভিডিও এখন সময়ের দাবি। তবে মান ঠিক রেখেই সেটা নির্মাণ করতে হবে। কারণ মানহীন কাজ কিন্তু বেশিদিন টেকে না।’ অন্যদিকে ধ্রুব গুহ তার মিউজিক স্টেশন থেকে নিয়মিত কাজের পাশাপাশি কিছুদিন আগে এক অনন্য উদ্যোগ নিয়েছেন। ‘ধ্রুব মিউজিক আমার গান’ শিরোনামের রিয়েলিটি শোয়ের মাধ্যমে তিনি নতুন প্রতিভা যোগ করতে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে। এছাড়া সিনিয়র শিল্পী থেকে শুরু করে নতুন প্রজন্মের শিল্পীদের গান নিয়মিতই প্রকাশ করছেন তিনি। ধ্রুব বলেন, ‘আমরা এই শো থেকে এরইমধ্যে ৩০ জন প্রতিভা নির্বাচন করেছি। যারা গান লিখতে, সুর করতে ও গাইতে পারেন। নির্বাচিত এই গানগুলো সংগীতায়োজন করে এ বছরই শ্রোতাদের উপহার দেবো। আর আমরা শুরু থেকেই নতুন পুরনো সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি। সেই ধারাবাহিকতা কিন্তু আমরা রক্ষা করছি।’ এছাড়া গুণী এই সংগীতশিল্পীর ‘দাগা’ শিরোনামের একটি নতুন গান আগামী মাসে রিলিজ পাবে। গানটি তার অন্যান্য গানের মতো নতুন চমক নিয়ে আসছে বলে জানান ধ্রুব গুহ।