কাশ্মির সীমান্তে সংঘাত বন্ধে একমত ভারত ও পাকিস্তান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

কাশ্মীরে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় গোলাগুলি বন্ধ করার ব্যাপারে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দুই দেশের সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে।

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের মধ্যে ২০০৩ সালে নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি কার্যকরে সম্মত হয় দুই দেশ। আনুষ্ঠানিকভাবে তা বহাল থাকলেও প্রায়ই লঙ্ঘনের পালটাপালটি অভিযোগ ওঠে। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম সরকার গঠনের পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। বরং পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

এরকম অবস্থায় ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনাল প্রধানরা (ডিজিএমও) বৃহস্পতিবার সকালে টেলিফোনে কথা বলেন। সেই সময় তারা হিমালয় অঞ্চলটিতে সম্ভাব্য শান্তি বিনষ্টকারী ও সহিংসতা সৃষ্টিকারী ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। পরস্পরের উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করে দুই পক্ষ। পরে এক যৌথ বিবৃতি দিয়ে কাশ্মীর সীমান্তে অস্ত্র বিরতির ঘোষণা দেওয়া হয়। পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া আলাদা এক বিবৃতিকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা ও অন্যান্য সেক্টরে সব ধরনের চুক্তি, সমঝোতা ও অস্ত্র বিরতির ওপর ‘কড়া নজরদারি’ বহাল রাখার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ। শুক্রবার মধ্যরাত থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে।