ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজী এলাকায় সড়কের ওপর বসছে কাঁচাবাজার। আর এই বাজার থেকে প্রতিদিন টোল আদায় করছে একটি সিন্ডিকেট। ঝুঁকিপূর্ণভাবে দিনের পর দিন চালিয়ে গেলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কারোরই চোখে পড়ছে না এটি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বাজারে কেনাবেচা। এদিকে বাজারটির কারণে সড়কের পাশে থাকা ফুটপাতও চলে গেছে বিক্রেতাদের দখলে। এতে পথচারীরা রাস্তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হাঁটাচলা করছেন। যে কোনো সময় নিয়ন্ত্রণ হারানো গাড়ির চাপায় ্পিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটতে পারে। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি সিন্ডিকেট রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্দিষ্ট বাজার থাকার পরও অবৈধভাবে মহাসড়কের ওপর বাজারটি পরিচালনা করে আসছে। চক্রটি প্রায় অর্ধ শত দোকানির কাছ থেকে প্রতিদিন একটা নির্দিষ্ট হারে টাকা নিচ্ছে। বিষয়টা ওপেন সিক্রেট হলেও কেউই এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ অবস্থায়, সড়কের ওপর থেকে বাজার সরিয়ে ফুটপাত দখলমুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মামশাদ কবীর
কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০
