তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সংস্কৃতি-ঐতিহ্যের ওপর আঘাত হানার অপচেষ্টার বিরুদ্ধে ইসলামী চিন্তাবিদসহ সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন সংকলিত ‘সন্ত্রাস নয় সম্প্রীতির ধর্ম ইসলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। গ্রন্থটির সংকলক রাজনৈতিক কর্মী হিসেবে সুপরিচিত হলেও প্রথমে মাদ্রাসা ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আমিনুল ইসলাম আমিন ইসলাম সম্পর্কে যথেষ্ট প্রজ্ঞার অধিকারী বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, ‘ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কিশোর-তরুণদের বিপথগামী করা হয়, ইসলামকে ক্ষমতায় যাওয়ার সোপান হিসেবে ব্যবহার করা হয়। এর আগে সকালে রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ ইস্পাত প্রকৌশল করপোরেশন হলে দা বিজনেস ইনসাইডার বাংলাদেশ পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী মানুষ ও জাতিকে আশাবাদী করতে স্বপ্ন দেখানোর ও মানুষের মধ্যে মূল্যবোধের উত্তরণ ঘটানোর গভীর দায়িত্ব পালনে গণমাধ্যমের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন। বিজনেস ইনসাইডার মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মো. গোলাম হোসেন, পরিচালক মীর মনিরুজ্জামান, সম্পাদক সাজ্জাদুর রহমানসহ পত্রিকার সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
