ইউসিবি জালিয়াতি

বিয়ানীবাজার শাখার সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৭

গ্রাহকদের স্বাক্ষর জাল করে এফডিআর এর বিপরীতে প্রায় পৌনে ২ কোটি টাকা আত্মসাত্ করায় সিলেটের বিয়ানীবাজার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাবেক শাখা ব্যবস্থাপক মো. শাহাদত আবেদীন সিরাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাতে দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপক মো. শাহাদত আবেদীন সিরাজী ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের স্বাক্ষর জাল করে তিনটি এফডিআরের বিপরীতে লিয়েন মার্ক করে প্রকৃত গ্রাহকদের অজ্ঞাতসারে ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৬৯৪ টাকার এসওডি ঋণ সৃষ্টি করে তা উত্তোলনপূর্বক আত্মসাত্ করেছেন।