রংপুর মহানগরীতে পৃথক দুইটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিমের উপস্থিতিতে নগরীর শালবন মিস্ত্রিপাড়া ও কেরানীপাড়ায় অভিযান চালিয়ে এসব নকল সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় দুই কারখানার মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, অভিযান শেষে মিস্ত্রিপাড়াস্থ মো. রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মো. মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেন। এদিকে একই অভিযানে নগরীর কেরানীপাড়া স্টাফ কোয়াটার সংলগ্ন মেহেদী হাসানের ভাড়া বাসায় অভিযান পরিচালনা মো. মেহেদী হাসানকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অভিযানে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের নেতৃত্ব দানকারী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, পৃথক দুটি আভিযানে উদ্ধারকৃত পণ্যের সর্বমোট মূল্য প্রায় ৫ লাখ টাকা। যা পরে ধ্বংস করা হয়েছে।
