ভারতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার কলকাতায় ই-স্কুটার চালিয়ে প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এটাকে ‘ই-নাটক’ বলে বিদ্রুপ করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
জানা গেছে, সকালে নিজের বাড়ির কাছ থেকে ই-স্কুটারে সওয়ার হয়ে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে যান তিনি। চালকের আসনে ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম। বুকে ঝোলানো ছিল জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ সংক্রান্ত পোস্টার। পরে বিকালে কাজ সেরে ফেরার সময় কিছুটা রাস্তা ই-স্কুটারের পেছনে চেপে আসেন। তার পর রবীন্দ্র সদনের সামনে থেকে নিজেই চালাতে শুরু করেন। ই-স্কুটার চালিয়ে মমতাকে রাস্তায় যেতে দেখে দুই পাশে ভিড় জমে যায়। সফরে অন্য কয়েকটি বাইকে ছিলেন মমতার নিরাপত্তারক্ষীরা। ট্রাফিক আইন মেনে, মাথায় হেলমেট পরে পুরো রাস্তা সফর করেন মমতা।
সকালে নিজের কার্যালয় নবান্নে যাওয়ার পর জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য ভারতের বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘ভোটের সময় এলেই উনি (নরেন্দ্র মোদি) বলে বেড়ান গ্যাস দেব। কিন্তু ভোটের পর সব ভুলে যান। কিন্তু সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮০০ রুপি ছাড়িয়ে গেছে। এটা ভাঁওতা ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষ কোথায় যাবে?’
