বাংলাদেশ ককাসের দায়িত্ব নিতে গ্রেস মেংকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪১

যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার জন্য কংগ্রেসওম্যান গ্রেস মেংকে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।              এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ইত্তেফাককে জানান, সাবেক কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি দীর্ঘদিন বাংলাদেশ ককাসের দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশের স্বার্থরক্ষায় বহু কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশ ককাসের দায়িত্ব পালন করছেন নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট-১৯ থেকে নির্বাচিত ডেকোক্রেট কংগ্রেসম্যান এলিয়ট এঙ্গেল।

পররাষ্ট্রমন্ত্রী জানান, কংগ্রেসওম্যান গ্রেস মেং বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু হিসাবে কাজ করছেন। তিনি ককাসের দায়িত্ব নিলে বাংলাদেশ অধিক উপকৃত হবে। তিনি আরো বেশি কাজ করার সুযোগ পাবেন। এজন্য তিনি গ্রেস মংকে ককাসের চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এছাড়া টেলিফোন আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধ করে নেওয়ার জন্য গ্রেস মেং-এর মাধ্যমে বাইডেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এ সময় বলেন যে বহু বাংলাদেশি দেশটিতে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন। বছর শেষে ট্যাক্স ফাইলও করছেন। তাদের ওয়ার্ক পারমিট থাকলেও বৈধ কাগজপত্র নেই। এসব বাংলাদেশি যুক্তরাষ্ট্র সরকারের ওপর কোনোভাবে নির্ভরশীল নয়।

এ আহ্বানে গ্রেস মেং পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে তিনি এ ব্যাপারে অনেক আগে থেকেই কাজ করছেন। তিনি বিষয়টি কংগ্রেসে উত্থাপনের চেষ্টা করবেন। এছাড়া ককাসের দায়িত্ব গ্রহণের বিষয়টি তিনি পুনর্বিবেচনা করবেন বলে আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রীকে।

বাইডেন প্রশাসন হোয়াইট হাউজের ওভাল অফিসের দায়িত্ব গ্রহণের পর ড. মোমেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেলেন। গত ২৩ ফেব্রুয়ারি তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান।