মৃত পাঁচ জনের সবার বয়স ৬০ বছরের বেশি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪২

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের সবারই বয়স ছিল ৬০ বছরের বেশি। মৃতদের মধ্যে দুই জন ঢাকা বিভাগের এবং তিন জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে চার জন পুরুষ এবং এক জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি            পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া পাঁচ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৩৮৪ জনের মৃত্যু হলো। আর গত ২৪ ঘণ্টায় আরো ৪১০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৯৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৪ হাজার ৭৫৫ জন হয়েছে।