কলারোয়া পৌরসভা নির্বাচনের গেজেট প্রকাশে হাইকোর্টের না

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৩

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার নির্বাচনের গেজেট স্থগিত রেখে অনিয়ম সংক্রান্ত রীটকারীদের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আগামী এক মাসের মধ্যে আবেদনকারীর আবেদন নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে (ইসি) এই আদেশ দেওয়া হয়েছে। এই এক মাসের মধ্যে গেজেট প্রকাশ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঐ আবেদন দ্রুত নিষ্পত্তি না করে ফেলে রাখার নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এই রুলে প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে রীটকারীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম ইত্তেফাককে বলেন, নির্বাচনের অনিয়ম তদন্ত করার জন্য আবেদনকারী নির্বাচন কমিশনে আবেদন দিলেও কোনো প্রতিকার পাননি। আবেদন করার পরও গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু করে ইসি। পরবর্তীতে রীট আবেদনকারী হাইকোর্টে প্রতিকার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কলারোয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার কলারোয়াসহ খুলনা বিভাগের নির্বাচিতদের খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।