ঈশ্বরগঞ্জে তিন বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করে লাশ বস্তাবন্দি করে টয়লেটে ফেলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উপজেলার চর হোসেনপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ঐ গ্রামের অটোরিকশাচালক শহীদুল ইসলামের শিশুকন্যা জান্নাতুল ফেরদৌসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার পর বস্তাবন্দি করে ঘরের পেছনে পরিত্যক্ত টয়লেটে ফেলে স্লাব দিয়ে ঢেকে রাখা হয়। জান্নাতুলের বড় বোন লাকী আক্তার (১২) ছাড়া তখন বাড়িতে কেউ ছিল না।
জানা যায় নিহতের দাদি পাশের বাড়ি থেকে ফিরে এসে শিশুকে খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও না পেয়ে বাবাকে খবর দিলে শহীদুল বাড়িতে এসে বাড়ির পেছনে রক্তের চিহ্ন দেখে পরিত্যক্ত স্লাব সরিয়ে বস্তাবন্দি অবস্থায় ক্ষতবিক্ষত তার মেয়ের লাশ দেখতে পান। পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিকাল ৫টায় থানাপুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বড় বোন লাকীকে আটক করে থানায় নিয়ে আসে। লাকী কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
