মামলার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫০

জেলার কোম্পানীগঞ্জে তরুণ সাংবাদিক বোরহান উদ্দিন মুজ্জাকির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের  বাবা, মা ও ভাইসহ পরিবারের সদস্যরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুজ্জাকিরের বাবা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাস্টার, মা মমতাজ বেগম, বড় ভাই নুর উদ্দিন মুহাদ্দিস, মেজো ভাই মো. ফখরুদ্দিন মোবাচ্ছির, বড় বোন জান্নাতুল ফেরদাউস, গোলশান আরা বেগম, গোলনাহার বেগম ও ভগ্নীপতি আবদুস সাত্তার প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বোরহানের বড় ভাই মো. নূর উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর কাছে নির্মম এ হত্যার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি বলেন, আদরের ভাইবোন ও ছেলেমেয়ে  হারানো কত বেদনাদায়ক ও কষ্টকর যিনি হারিয়েছেন, তিনিই শুধু বোঝেন। তিনি বলেন, বুরহান হত্যার বিচার যেন সাগর-রুনি হত্যার বিচারের মতো দীর্ঘায়িত না হয়। বোরহানের বাবা নুরুল হুদা মো. নোয়াব আলী ছেলে হত্যাকারীদের পরিচয় প্রকাশের দাবি জানিয়ে বলেন, আমার এমন সহজ-সরল ও মানবিক ছেলেটাকে কে বা কারা এমন নিষ্ঠুরভাবে হত্যা করল, তাদের সুষ্ঠু বিচার চাই।

গত শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট পূর্ববাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পেশাগত দায়িত্বপালনকালে গুলিবিদ্ধ হন দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি বুরহান উদ্দিন মুজ্জাকির। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি  মারা যান। এ ঘটনায় বুরহানের বাবা কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।