শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে আগামী শনিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর সমাজ ও রাষ্ট্র ভাবনা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কত দ্রুত খুলে দেওয়া যায় সে জন্য এই শনিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক রয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন এসএসসির জন্য ৬০ কর্মদিসের এবং এইচএসসির জন্য ৮৪ কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি। সেটির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান যত দ্রুত খুলে দিতে পারি, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার সব প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের জাতীয় পরামর্শক কমিটি রয়েছে তাদের পরামর্শ নিয়ে নেই। আর এটি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভাও হবে। সেদিন পরিস্থিতি কী তা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেব। আমরা কি পহেলা মার্চ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবে? নাকি আরো কয়েকদিন সময় নিতে হবে। এটি আসলে সার্বিক করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে এখন অন্য দেশের চেয়ে আমরা অনেক ভালো আছি। সেটি যেন আমাদের কোনো ভুল সিদ্ধান্তের জন্য খারাপ দিকে না যায়। সেই জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা চাই।
