শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে অলি-গলি। মাইকে প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোটারের হাতে লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। মেয়র পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন—আওয়ামী লীগ মনোনীত মো. মোস্তাফিজুর রহমান (নৌকা), বিএনপি মনোনিত অধ্যক্ষ মো. শামছুল হক (ধানের শীষ), ইসলামী আন্দোলন বালাদেশের ডা. মো. জহুরুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা মো. হাসিবুল আলম (জগ) ও বেদারুল ইসলাম (নারিকেল গাছ)। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, জয়পুরহাট পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতিমূলক কাজ চলছে।
হারাগাছে জাপার প্রার্থী নেই, সুবিধায় বিএনপি
স্টাফ রিপোর্টার, রংপুর জানান, রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। চলছে প্রার্থী ও সমর্থকদের ব্যাপক প্রচার-প্রচারণা। মাঠে রয়েছে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র। হাল ছাড়েননি মনোনয়ন বঞ্চিত প্রার্থীও। এদিকে জাতীয় পার্টির (জাপা) কোনো প্রার্থী না থাকা ও আওয়ামী লীগের বিরোধে বিএনপি ভালো অবস্থানে আছে বলে স্থানীয়রা বলছেন। এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র হাকিবুর রহমান মাষ্টার (নৌকা)। অন্যদিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোনায়েম হোসেন ফারুক (ধানের শীষ)। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদ্য বহিষ্কৃত বিদ্রোহীপ্রার্থী এরশাদুল হক এরশাদ (নারকেল গাছ) প্রতীক নিয়ে। হারাগাছের স্থানীয় সংবাদকর্মী মেহেদী হাসান সুমন বলেন, ‘এবার যে তিন জন মেয়র প্রার্থী হয়েছেন তাদের তিন জনের অবস্থান ভালো। জাপার প্রার্থী নেই, আওয়ামী লীগের বিরোধ, এই দুই সুযোগকে কাজে লাগাতে চাইছে বিএনপি।’ উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে হারাগাছ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। হারাগাছ পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নান্দাইলে বড় দুই দলের দুই মেয়র প্রার্থী
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মেয়র পদে বড় দুই দলের মনোনীত দুই জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান মেয়র বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিক উদ্দিন ভূঁইয়া চান আবারও নির্বাচিত হয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে। অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল বিজয়ের মাধ্যমে তার মেয়র পদটি পুনরুদ্ধারে সচেষ্ট রয়েছেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন বলেন, ‘এবার নান্দাইল পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ১২ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে।’
