সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক মুজাক্কিরের মৃত্যু

বিভিন্ন স্থানে মানববন্ধন প্রতিবাদ সভা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংষর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি এ কে এম আনোয়ার তোহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক মো. তবিবুর রহমান টিপু, শরফুদ্দিন শাহীন, ফরিদ উদ্দিন আহম্মদ রাসেদ প্রমুখ।

বিশ্বনাথ (সিলেট): সাংবাদিক মোজাক্কির হত্যা ও অন্যান্য সাংবাদিকদের ওপর নির্যাতন হামলার ঘটনায় বিশ্বনাথে ‘কালো কাপড়ের প্রতিবাদ’ হয়েছে। বাসিয়া সেতুর ওপর কালো কাপড় চোখে বেঁধে এ প্রতিবাদ জানান বিশ্বনাথ উপজেলার সাংবাদিকরা। ব্যতিক্রমি এ প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন উপজেলার প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, কাজী মো. জামাল উদ্দিন প্রমুখ।

রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুর প্রেসক্লাব, রায়পুর রিপোর্টার্স ইউনিটি ও রায়পুর সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। রায়পুর থানার সামনে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালী প্রমুখ।

গোসাইরহাট (শরীয়তপুর): গোসাইরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদসভা ও মানববন্ধন হয়। গোসাইরহাট প্রেসক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খানের সভাপতিত্বে প্রতিবাদসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ কাওসার, সহসভাপতি দেওয়ান মো. মনিরুজ্জামান প্রমুখ।