হবিগঞ্জের বানিয়াচং-নবীগঞ্জ সড়কে গণডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বেশ কয়েকটি যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে। বুধবার রাত ১০টার দিকে কাগাপাশা ও শুঁটকি ব্রিজের মধ্যবর্তী নাগেরটেকের কাছে এ গণডাকাতি হয়।
ডাকাতদের হামলায় আহত তাউস মিয়া ও নানু মিয়া জানান, তারা সিলেট থেকে মিনি ট্রাক নিয়ে আজমিরীগঞ্জ যাচ্ছিলেন। রাত ১০টার দিকে কাগাপাশা ও শুঁটকি ব্রিজের মধ্যবর্তী স্থানে পৌঁছামাত্র ১০/১৫ জন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ট্রাকে হামলা করে দুইটি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা ঘণ্টাব্যাপী সড়কের দুই দিক থেকে আসা প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ প্রায় ১৫/২০টি গাড়ি থামিয়ে গণডাকাতি করে পালিয়ে যায়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
