৮৬ মিনিটে করা ফারলান্ড মেন্ডির একমাত্র গোলে বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে ইতালীয়ান দল আটালান্টাকে তাদের ঘরের মাঠে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ওদিকে বুদাপেস্টে দিনের অন্য ম্যাচে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
করিম বেনজেমা, ইডেন হ্যাজার্ড, সার্জিও রামোসের মতো মূল একাদশের অর্ধডজন ফুটবলারকে ছাড়াই বুধবার বার্গামো স্টেডিয়ামে খেলতে নেমেছিল জিনেদিন জিদানের দল। চোটের কাছে রিয়ালের এত জন ফুটবলারকে হারানোর দুঃখটা ম্যাচের ১৭ মিনিটেই ভুলিয়ে দিলেন আটালান্টার রেমো ফ্রয়লার। মেন্ডিকে ফাউল করে ফ্রয়লার একটি বিতর্কিত লাল কার্ড দেখলে জনবলের গাণিতিক সুবিধাটা পেয়ে যায় রিয়াল। এরপর বাকি ম্যাচে আটালান্টা আক্রমণে না এসে নিজেদের অর্ধেই বসে ছিল। পুরো ম্যাচে একবারও প্রতিপক্ষ গোলপোস্টে শট নেয়নি তারা। কিন্তু আটালান্টার এই নিষ্ক্রিয়তার সুযোগ লুফতে ব্যর্থ হয় ইসকো, মার্কোস অ্যাসেনসিও ও ভিনিশ্যাস জুনিয়রের সমন্বয়ে গঠিত রিয়ালের আক্রমণভাগ। ম্যাচের শেষদিকে রিয়ালের ফুলব্যাক মেন্ডি ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করে বসলে গুরুত্বপূর্ণ একটি এওয়ে গোল পায় রিয়াল। ফিরতি লেগে ঘরের মাঠে একাধিক গোলে না হারলেই কোয়ার্টারে পৌঁছে যাবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
করোনাকালীন ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য গ্ল্যাডবাখের ‘ধার করা’ ঘরের মাঠ, বুদাপেস্টের পুসকাস এরিনাতেও নিজেদের জয়রথ অব্যাহত রেখেছে গার্দিওলার সিটি। ৪৩ বছরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পা রাখা গ্ল্যাডবাখকে হারাতে মোটেই বেগ পেতে হয়নি সিটিজেনদের। বার্নাদো সিলভা ও গ্যাব্রিয়াল জেসুসের গোলে সহজ জয় পেয়েছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির টানা ১৯তম জয়ে পরও পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। ম্যাচশেষে সাংবাদিকদের বলেছেন, ‘এমনিতে ম্যাচের দখল আমাদের কাছেই ছিল। কিন্তু সামনে আমাদের আরো ধারাল হতে হবে। এই প্রতিযোগিতায় সামনে এগুতে হলে, আমাদের পারফেক্ট হতে হবে।’
