কাতার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-আফগানিস্তানের ফিরতি ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশে। আগামী ২৫ মার্চ এই ম্যাচ হওয়ার নির্ধারিত তারিখ। তাদের আভ্যন্তরীণ সমস্যা তুলে ধরে বাংলাদেশে খেলতে আসতে চায় না আফগানিস্তান। নানা অজুহাত দেখিয়ে তারা অন্য কোনো দেশের মাঠে খেলতে চায় জানিয়ে এএফসির কাছে আবেদন করেছিল। এএফসিও বাফুফে এবং আফগানিস্তানের চূড়ান্ত অবস্থান জানতে চেয়ে লিখিত বক্তব্য পাঠাতে বলেছিল। বাফুফে জানিয়েছে—তারা বাংলাদেশের ম্যাচ বাংলাদেশেই আয়োজন করতে চায়। এই বিষয়টি নিয়ে এএফসি এখনো সিদ্ধান্ত জানায়নি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘আমরা ম্যাচ আয়োজনে অনড়।’ আর এএফসির অন্য কোনো সিদ্ধান্ত দিলে সেটা মেনে নিতেও রাজি আছে বাফুফে।
