রাজধানীর বনানীতে শাকিল গাজী (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। বাসা থেকে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়। অপরদিকে ওয়ারীতে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বুধবার রাতে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার রাতে বনানীর স্টার কাবাবের সামনে শাকিলকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা। তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জসিম গাজী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কে বা কারা শাকিল গাজীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে বনানী স্টার কাবাবের সামনে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পাই। তিনি জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। বনানীর কড়াইল বস্তি এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। দুই ছেলের মধ্যে শাকিল ছিল ছোট।
ওয়ারীতে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
রাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে হাসান নামে ১২ বছর বয়সি এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা আড়াইটার দিকে হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার এসআই আসাদুজ্জামান। তিনি জানান, ওয়ারীর পদ্মনিধি লেনের ৬ তলায় খালা আয়শা ও খালু জামান ভুঁইয়ার বাসায় থাকত শিশু হাসান। বুধবার রাত ১০টার দিকে খবর পেয়ে ওয়ারীর ঐ বাসায় গিয়ে তোষকের ওপর থেকে হাসানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। বাসার লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাসান বুধবার বিকালে বাসায় একাই ছিল। কয়েক জন যুবক চুরি করার উদ্দেশে বাসায় ঢুকে। বাসায় হাসানকে একা পেয়ে গলা কেটে হত্যা করে বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পয়সা নিয়ে যায়।
