খুলনায় বকেয়া পরিশোধসহ ১৪ দফা দাবিতে শ্রমিক সমাবেশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৯

খুলনা অফিস

রাষ্ট্রায়ত্ত পাটকল বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল ও বকেয়া পরিশোধসহ ১৪ দফা দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ হয়েছে। শুক্রবার বিকালে নগরীর খালিশপুর পিপলস গোলচত্বরে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন বদলি শ্রমিক নেতা মো. ইলিয়াস হোসেন। বক্তৃতা করেন, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, মুনীর চৌধুরী সোহেল প্রমুখ।

রাষ্ট্রায়ত্ত পাটকল বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল, অবিলম্বে সব পাটকল চালু, আধুনিকায়ন, দৈনিকভিত্তিকসহ সব শ্রমিকের বকেয়া অবিলম্বে পরিশোধ, আলীম জুট মিলের শ্রমিকদের ৬৪ সপ্তাহের বিলসহ বকেয়া সব পাওনা পরিশোধ, বকেয়া ছয় সপ্তাহের মজুরি, উত্সব বোনাস, ইনক্রিমেন্ট এবং ২০২০ সালের জুলাই মাসের দুই দিনের মজুরি অবিলম্বে পরিশোধ ও পাটকল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ ১৪ দফা দাবিতে এ শ্রমিক সমাবেশ হয়।