আমাকে নিয়ে অন্যরকম সংবাদও হতে পারতো :বুবলী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩০

বিনোদন রিপোর্ট

 

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী বেশ কিছুদিন বিরতি দিয়ে সম্প্রতি কাজে ফিরেছেন। বর্তমানে ‘চোখ’ নামের একটি ছবির শুটিং করছেন। পাশাপাশি কয়েকদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খানের বিপরীতে ‘লিডার:আমিই বাংলাদেশ’ নামের ছবিটিতে। কিন্তু এরইমাঝে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। গতকাল দুপুর বিকেল ৩টা ২৩ মিনিটে নিজের ফেসবুকে অভিযোগের বিস্তারিত  লিখেছেন বুবলী।

শবনম বুবলী লিখেছেন, ‘সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয়। তা গত দু-দিন টের পেয়েছি। উপলব্দি করেছি, আমরা যা দেখি বা যা শুনি, তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্যরকম সংবাদও হতে পারতো। হয়তো আল্লাহর রহমত, মা-বাবা ভাইবোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।’

তিনি আরো লেখেন, ‘গত ৪-৫ দিন আমি চোখ শিরোনামের একটি সিনেমার শুটিং করছিলাম। যথারীতি শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত রাস্তা থেকে কোনো হর্ণ না বাজিয়ে, কোনো সিগন্যাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে এসেছে একটি প্রাইভেট কার। যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো এবং কোনো নম্বর প্লেট ছিল না। আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারতো। আর আমি নিজেও ড্রাইভিং জানি, তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই একজন সুস্থ-স্বাভাবিক মানুষের মতো আমারও আছে। প্রথমদিন সব বুঝতে পেরেও মনকে শান্তনা দিয়েছিলাম, হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এত জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি, কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো সেটি আর বুঝতে বাকি থাকে না যে, এটি উদ্দেশ্যমূলকভাবেই করানো হচ্ছে।’

হত্যা চেষ্টার বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেওয়া কথা জানান তার লেখায়। কারো নাম প্রকাশ বা কোনো ঘটনার কথা না উল্লেখ করলেও বুবলী জানান তিনি দীর্ঘদিন ধরে কিছু একটা বুঝতে পারছেন। বুবলী লিখেছেন, ‘অনেকদিন ধরেই আমি নানাভাবে অনেককিছু বুঝতে পারছি, শুনতে পারছি। কিন্তু যারাই এসব ন্যাক্কারজনক অপরাধের সঙ্গে জড়িত থাকবেন তারাও নিশ্চয়ই বারবার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন, কেউই আইনের উর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন, যিনি সবই দেখেন। শিগগিরই আমি ব্যবস্থা নেবো এ ব্যাপারে। দোয়া করবেন আমার জন্য।’