বিনোদন ডেস্ক
খুব অল্প সময়ে নিজেকে প্রমাণ করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। শুরু থেকেই নিজেকে ভাঙার চেষ্টা করছেন তিনি। সেই ধরাবাহিকতায় এবার ভূত হয়ে দর্শকদের সামনে আসছেন জাহ্নবী। ‘রুহি’ শিরোনামের এই সিনেমাটিতে রাজকুমার রাও ও বরুণ শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এই সিনেমাটির মাধ্যমেই নিজেকে অভিনেত্রী হিসেবে আরো একবার প্রমাণ করতে চান তিনি। ছবিটির প্রচারণা শুরুর আগে এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাত্কারে জাহ্নবী বলেন, ‘ধড়ক সিনেমা দেখে দর্শকরা মনে করেননি যে, আমি আমি অভিনয় জানি না। সেসময় তারা মন্তব্য করেছিলেন আমার অভিনয় দক্ষতা ঠিকভাবে উপস্থাপন করা হয়নি। আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই, বক্স অফিসে হিট হতে চাই না। রুহি সিনেমাটিতে আমি এমন চরিত্রে অভিনয় করেছি যেখানে বিপরীত চরিত্রের সঙ্গে সমানভাবে কাজ করতে হয়েছে। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতেই এই সিনেমাটিতে কাজ করেছি। সিনেমাটির শুটিংও অনেক মজা করে করেছি। শটগুলো দেওয়ার সময় তেমন ভয় কাজ করেনি। দিনশেষে মনে হয়েছে আমার পোশাকগুলো হরর, আর আমি একটি ভূতের গল্পের ভূত হয়েছি। বলতে পারেন, নতুন অভিজ্ঞতায় নতুন আমিকে দেখবেন দর্শকরা।’
এদিকে, বলিউডে অনেকেই মনে করেন সারা আলী খান ও অনন্যা পান্ডের সঙ্গে একটা শীতল যুদ্ধ চলছে জাহ্নবী কাপুরের। এ বিষয়ে জাহ্নবী বলেন, ‘কাজ নিয়ে প্রতিযোগিতা হতেই পারে। তবে এটাকে ব্যক্তিগত সংঘাত মনে করার কিছু নেই। বলিউডে অনেকেই আছেন, তাহলে কেন আমাদের তিনজনের মধ্যে প্রতিযোগিতা হবে। আমি যে কারো ভালো কাজের প্রশংসা করবো।’
