স্পোর্টস রিপোর্টার
টানা তিন জয়ে উড়ছিল মোহামেডান। কাল সাদাকালো দলকে থামিয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। রকিব হোসেনের গোলে এগিয়ে ছিল চট্টগ্রাম আবাহনী। মোহামেডান সেই গোল ফিরিয়ে দিল দ্বিতীয়ার্ধে। ইভানের গোলে মোহামেডান সমতা আনে। অবশ্য এই গোলের কৃতিত্ব মালির ফুটবলার সুলায়মান দিয়াবাতে গোলের উত্স তৈরি করে দিয়েছিলেন। কাল যদি মোহামেডান জয় পেত তাহলে টেবিলের আরেক ধাপ ওপরে উঠে যেত। সেটি হলো না। ১০ খেলায় চার জয়ে চার ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে মোহামেডান। আর গোল গড়ের পার্থক্যে মোহামেডানের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে চট্টগ্রাম আবাহনী। ১১ খেলায় ৪ জয়ে, ৪ ড্রয়ে পয়েন্ট ১৬।
এই ম্যাচে মাঠের খেলার চেয়ে মাঠের বাইরে উত্তেজনা দেখা গেছে বেশি। ডাগআউটে মোহামেডান এবং চট্টগ্রাম আবাহনীর কর্তাদের মধ্যে বাগিবতণ্ডা লেগে গিয়েছিল। দুই প্রান্তের দুই গ্রুপের লোক জন জড়ো হয়ে গিয়েছিল ম্যাচের চতুর্থ রেফারি টেবিল পর্যন্ত। রেফারি চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজীজ এবং মোহামেডানের টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্সকে লালকার্ড দেখিয়ে মাঠ হতে বের করে দেন।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মুক্তিযোদ্ধা খেলার মাত্র ২০ সেকেন্ডে গোল করেও জিততে পারেনি। ১-১ গোলে রহমতগঞ্জের বিপক্ষে ড্র হয়েছে। মুক্তিযোদ্ধার জাপানি ইউসুকে কাতোর পাস থেকে গোল করেন ফাহিম ১-০। ৫৬ মিনিটে আরাফাত হোসেনের দর্শনীয় গোল বাঁচিয়ে দেয় রহমতগঞ্জকে। আগামীকাল ঢাকায় আবাহনী ও বসুন্ধরা ম্যাচ।
