স্পোর্টস ডেস্ক
সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়ে নিলেন ভারতের হয়ে দুই বার বিশ্বকাপ জেতা অলরাউন্ডার ইউসুফ পাঠান। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই ৩৮ বছর বয়সি তারকা লিখেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে (ক্রিকেটের) সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আমি আমার পরিবার, বন্ধুবান্ধব, ভক্তবর্গ, দল এবং পুরো দেশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এত বছরের সমর্থন ও ভালোবাসার জন্য। আমি নিশ্চিত ভবিষ্যতেও আমাকে অনুপ্রেরণা জুগিয়ে যাবেন আপনারা।’
মারকাটারি ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ইউসুফ ভারতের হয়ে মোট ২২টি টি-টোয়েন্টি ও ৫৭টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং এই দুই ফরম্যাটে ক্যারিয়ারজুড়ে যথাক্রমে ২৩৬ ও ৮১০ রান তুলেছেন। বোলিংয়ে দুই ফরম্যাট মিলিয়ে মোট ৪৬টি উইকেট পেয়েছেন অফ-স্পিনার ইউসুফ। ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ইউসুফ। আর আইপিএলে মোট ১২ মৌসুম খেলেছেন পাঠান ভ্রাতাদের বড় জন। রাজস্তান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই বার শিরোপাও জিতেছেন তিনি।
