এএফসির মিডিয়া পার্টনার টি-স্পোর্টস

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

স্পোর্টস রিপোর্টার

দেশের ক্রীড়াঙ্গনে এই প্রথম বাংলাদেশের কোনো টেলিভিশন এএফসির মিডিয়া পার্টনার হয়েছে। এএফসি জানিয়েছে তাদের সঙ্গে বাংলাদেশের টি-স্পোর্টসের চুক্তি হয়েছে। ২০২১ হতে ২০২৪ সাল পর্যন্ত, চার বছরের চুক্তিতে এশিয়ার খেলাধুলা সম্প্রচারের স্বত্ব ক্রয় করেছে টি-স্পোর্টস। চার বছরে এএফসির ব্যাপক খেলা রয়েছে। বিশেষ করে কাতার বিশ্বকাপ বাছাই, এশিয়ান কাপ ফুটবল বাছাই, অনূর্ধ্ব-২৩ ফুটবলের খেলা ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ আসর বাংলাদেশের ফুটবল দর্শকদের ঘরে পৌঁছে দেবে টি-স্পোর্টস।  এই প্রতিষ্ঠানটি বসুন্ধরা গ্রুপের। টি-স্পোর্টসের ভাইস প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান দারুণ খুশি এবং রোমাঞ্চিত এএফসির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে। এএফসি সাধারণ সম্পাদক দাতো উনডসর জন জানিয়েছেন টি-স্পোর্টসকে মিডিয়া পার্টার পেয়ে ফুটবল উন্নয়নের অংশীদার পেয়েছেন তারা। টি-স্পোর্টস বাংলাদেশের ক্রিকেট খেলা ছাড়াও রাতে ইউরোপীয়ান ফুটবলের খেলা সম্প্রচার করছে। সেই সঙ্গে দেশে চলমান প্রিমিয়ার লিগের খেলাও সম্প্রচার করছে।