ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পরপর দুই দিন দুটি চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমটি ছিল করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য। দ্বিতীয়টি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের নতুন একটি নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে।
গত ১৫ জানুয়ারি অনলাইন ক্লাস ও সেমিনার আয়োজনসংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, ভারতের নিরাপত্তা এবং সীমান্তবিষয়ক কোনো আন্তর্জাতিক সেমিনার বা সম্মেলন অনলাইনে করা যাবে না এবং আলোচনায় জম্মু-কাশ্মীর, লাদাখ বা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না।
এসব বিধিনিষেধের বিরোধিতা করে নরেন্দ্র মোদির কাছে বৃহস্পতিবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিকা জারির আগে রাজ্য সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি। এর আগে, গত বুধবার পশ্চিমবঙ্গের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি চেয়ে মোদির কাছে চিঠি দিয়েছিলেন মমতা।
