গাজীপুরে অটোরিকশা চালক খুন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় রুবেল নামে এক অটোরিকশাচালক খুন হয়েছেন। নিহত রুবেল নওগাঁর রানীনগর থানার দেবরাগাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে। খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ধারণা করছেন। কাশিমপুর থানার এসআই মো. জলিল মিয়া জানান, নিহত যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত রুবেল কলেজশিক্ষার্থী ছিলেন। করোনার কারণে কলেজ বন্ধ থাকায় তিনি ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।