মৃত্যুর কারণ তদন্ত করা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৯

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, লেখক মুশতাক আগেও দুয়েক বার তার লেখনীতে অন্যের বিশ্বাসে আঘাত দিয়েছেন। সেই জন্য মামলাও হয়েছে। ২০২০ সালে তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল, সেজন্য তিনি কাশিমপুর কারাগারে অন্তরীণ ছিলেন। আইজি প্রিজন আমাকে জানিয়েছেন, মুশতাক হঠাত্ অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে তিনি চিকিত্সা সেবা পান। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর তাজউদ্দীন হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

মুশতাকের মৃত্যুর তদন্ত করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাভাবিক বা অস্বাভাবিক সব মৃত্যু নিয়েই নানা প্রশ্ন আসে। সেজন্যই কারো মৃত্যুর পর, সেটা কারাগারেই হোক কিংবা দুর্ঘটনায় হোক, আমরা ময়নাতদন্ত করে থাকি। ময়নাতদন্তের পর বলতে পারব কেন এই মৃত্যুটা হয়েছে। প্রয়োজন হলে মৃত্যুর কারণ খুঁজে বের করতে আমরা একটা তদন্ত কমিটি করব।

আলজাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান’ শীর্ষক প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ষড়যন্ত্র হচ্ছে। একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য অনেকে অনেক রকম কাজ করে যাচ্ছে। আলজাজিরা যে নিউজটা দিয়েছে তা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এ দেশের মানুষ ঐ নিউজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার পরও কারা এই মিথ্যা নিউজ প্রচার করেছে, এই মিথ্যা ও বানোয়াট নিউজের কেন প্রচার করা হলো, এর উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ড. আবু রেজা নদভী এমপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ।