‘গাঁজা সেবনের সময় বন্ধুর গলা কেটে হত্যা করে মিন্টু’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫০

গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষ্মীপুর দক্ষিণপাড়ায় যুবককে গলা কেটে হত্যার রহস্য উত্ঘাটন করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের জয়নাল আবেদিনের পুত্র মো. বিপুল হাসান মিন্টুকে (২২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ৪ নম্বর আমলি আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রওশন জাহানের আদালতে ফৌজধারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন মিন্টু।

মিন্টুর বরাত দিয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, মিন্টু ও নিহত হাসান মিয়া (১৯) বন্ধু। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় দুই জনেই একসঙ্গে গাঁজা সেবন করে। অতিরিক্ত গাঁজা সেবনের কারণে হাসান নেশাগ্রস্ত হয়ে মিন্টুকে অকথ্যভাষায় গালিগালাজ শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু গাঁজা কাটার ছুরি দিয়ে হাসানকে হত্যা করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, হাসান মিয়া হত্যাকাণ্ড মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ ডিবিতে হস্তান্তর করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দের নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালিয়ে হাসান মিয়াকে মিরপুর পল্লবী এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার দেওয়া বর্ণনামতে হত্যাকাণ্ডের এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত চাকুও উদ্ধার করেছে ডিবি। হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ ফেব্রুয়ারি গৌরীপুর থানায় হাসানের পালক মা মমতা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।