কাল পঞ্চম ধাপে ৩০ পৌরসভায় নির্বাচন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫১

পঞ্চম ধাপে ৩০ পৌরসভায় কাল নির্বাচনি লড়াই। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এ ধাপে সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ভোট নিয়ে উত্সাহ-উদ্দীপনার পাশাপাশি শঙ্কা-উত্কণ্ঠায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা। এ ধাপের নির্বাচনি লড়াইয়ে মেয়র পদে রয়েছেন ১০০ জন প্রার্থী, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন ১ হাজার ৩১৮ জন প্রার্থী। এছাড়া কাল চার উপজেলায় উপনির্বাচনের ভোটগ্রহণও হবে।

ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে গতকাল মধ্যরাতে ভোটের প্রচার শেষ হয়। প্রচারের শেষ মুহূর্তে বেশ কিছু এলাকার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। প্রচারণার সময় বিভিন্ন এলাকায় সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটেছে। প্রচারণায় বাধা দেওয়া নিয়ে নানা অভিযোগ তুলেছেন প্রার্থীরা। এমনকি কাল ভোটকেন্দ্রে না যেতেও ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। অনেক প্রার্থী বুথ দখলের শঙ্কাও প্রকাশ করেছেন।

এদিকে নির্বাচনি পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের সদস্যরা। এ ধাপের নির্বাচনি লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও। উত্সবমুখর এ নির্বাচন নিয়ে যেমন রয়েছে উত্তেজনা, তেমনি শঙ্কাও রয়েছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। উদ্বিগ্ন খোদ নির্বাচন কমিশনও (ইসি)। বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল শুরু করেছেন গতকাল থেকেই। চার স্তরের নিরাপত্তা থাকবে ভোটের পরের দিন পর্যন্ত। সঙ্গে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

করোনা ভাইরাস মহামারির মধ্যে এবার বেশ কয়েক ধাপে পৌরসভা নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপের তপশিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভোট হয়। তৃতীয় ধাপে ৬৩টি পৌরসভায় ভোট হয় ৩০ জানুয়ারি। চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ হয় ১৪ ফেব্রুয়ারি। এছাড়া পঞ্চম ধাপে কাল ৩০ পৌরসভায় ভোটগ্রহণ হবে। আর ১১ এপ্রিল ষষ্ঠ ধাপের ৯ পৌরসভায় ভোট হওয়ার কথা রয়েছে।