আলোচিত প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) হাজার কোটি টাকা মূল্যের শতাধিক জমির দলিল নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার ভুলতার গাউছিয়া মার্কেট এলাকায় সুখদা আবাসন প্রকল্প পি কে হালদারের মালিকানাধীন গুদামে অভিযান চালিয়ে শতাধিক জমির দলিল উদ্ধার করা হয়। এসব দলিলে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ৭ হাজার ৮০ শতাংশ পরিমাণ জমি রয়েছে। দলিল উদ্ধার করেছে দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল। উদ্ধার করা দলিল পর্যালোচনা করে দুদক জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জমি কিনেছেন বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার কোটি টাকা কেলেঙ্কারির মূলহোতা পি কে হালদার। এসব দলিল তিনি রূপগঞ্জের এই গোডাউনে লুকিয়ে রেখেছেন বলে খবর ছিল দুদকের কাছে। যার বাজার মূল্য প্রায় ১ হাজার কোটি টাকা। বিকালে আদালত থেকে এসব সম্পদ জব্দের নির্দেশনা আসে।
