করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাত জন ঢাকা বিভাগের এবং চার জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। ছয় জন পুরুষ এবং পাঁচ জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের ৯ জনের বয়স ৬০ বছরের বেশি এবং দুই জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছিল।
গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৩৯৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় আরো ৪৭০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৭৪৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৪টি ল্যাবে ১৫ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪০ লাখ ১৮ হাজার ২৬৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৮৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৯ লাখ ১৮ হাজার ১৭৯টি।
