কুমিল্লায় নগরীর পাড়া-মহল্লায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং ও বখে যাওয়া যুবকরা। তুচ্ছ ঘটনায় ঘটছে হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনা। গতকাল শুক্রবারও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে খুন হয়েছে আমিন (১৬) নামের এক কিশোর। নগরীর ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে গতকাল আমিন নামের একজনকে খুন করার অভিযোগ উঠেছে পারভেজ (২০) নামের এক যুবকের বিরুদ্ধে।
নিহত আমিন জেলার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের প্রবাসী নোয়াব আলীর ছেলে এবং পারভেজ একই গ্রামের শাহ আলমের ছেলে। তাদের পরিবার নগরীর ঠাকুরপাড়া এলাকায় অনেক দিন ধরে পৃথক বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। নিহত আমিন কুমিল্লা মডার্ন হাইস্কুলের ছাত্র মিরণ হত্যা মামলার আসামি ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে অন্যদের সঙ্গে ক্রিকেট খেলতে যায় আমিন (১৬)। একপর্যায়ে খেলায় নো-বল নিয়ে পারভেজ নামে একজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পারভেজকে (২০) থাপ্পড় মারে। এতে পারভেজ ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে ছুরি নিয়ে খেলার মাঠে গিয়ে আমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় আমিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানিয়ে দেন। এদিকে আমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার মা ও পরিবারে চলছে মাতম।
সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ঘাতক পারভেজ পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
