খুলনায় ডোবা থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৭

খুলনায় ডোবা থেকে হাত-মুখ বাঁধা সাত বছরে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম তামিম মোল্লা। গতকাল শুক্রবার বিকেলে দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তামিম লাখোহাটি গ্রামের তরিকুল মোল্লার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ পড়ার সময় তামিম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। গতকাল শুক্রবার সকালে তামিমের সন্ধানে মসজিদ থেকে মাইকিং করা হয়। বিকাল ৪টার দিকে স্থানীয়রা লাখোহাটি গ্রামের একটি ডোবায় হাত ও মুখ বাঁধা অবস্থায় তামিমের লাশ দেখতে পায়। এ সময় তার লাশ নারকেল গাছের পাতা দিয়ে ঢাকা ছিল। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানউল্লাহ চৌধুরী বলেন, তামিমের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া তামিমের হত্যাকারীদের গ্রেফতার ও হত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।