যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের রায়

ব্রিটেনে ফিরতে পারবেন না শামীমা বেগম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৩

লন্ডন থেকে পালিয়ে ইসলামিক স্টেটের সঙ্গে যোগ দিতে সিরিয়ায় যাওয়া তরুণী শামীমা বেগমকে ব্রিটেনে ফেরার সুযোগ দেওয়া হবে না বলে রায় দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমানে ২১ বছর বয়স্ক শামীমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য ব্রিটেনে ফিরতে চেয়েছিলেন। কিন্তু এক সর্বসম্মত রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, তাকে ব্রিটেনে ফিরতে না দিয়ে সরকার শামীমা বেগমের অধিকার লঙ্ঘন করেনি। শামীমা বেগম এখন উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীর প্রহরাধীন একটি শিবিরে বাস করছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব লন্ডনের আরো দুই জন স্কুলপড়ুয়া মেয়েসহ যুক্তরাজ্য ত্যাগ করে তুরস্ক হয়ে সিরিয়া চলে যান এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ দেন। তখন শামীমার বয়স ছিল ১৫ বছর। সেখানে তিনি এক ডাচ জিহাদিকে বিয়ে করেন।

দুই বছর আগে ব্রিটেনের তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত কারণ দেখিয়ে তার নাগরিকত্ব বাতিল করেন। সে সময় শামীমা বেগমের মা বাংলাদেশি—এ কারণে তিনি বাংলাদেশে আশ্রয় চাইতে পারেন এমন কথা বলা হয়েছিল। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না এবং তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না।