বিএনপির মশাল মিছিলে পুলিশি হামলায় আহত সাত, গ্রেফতার পাঁচ জন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৪

রাজধানীর বনানীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলে পুলিশি হামলায় অন্তত সাত জন আহত ও বিএনপি নেতা আব্দুল হকসহ পাঁচ জনকে আটক করে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় বনানীতে সাংবাদিক মুশতাক আহমদের কারাবন্দি অবস্থায় মৃত্যু, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে এই মিছিল বের করে নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং, বিএনপি নেতা এ এফ এম খালেদ, ফজলুর রহমান মন্টু, শিমুল হোসেন ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন হোসেন, জিল্লুর রহমান রুপকসহ বহু নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী জানান, সন্ধ্যায় বনানী বাজারের সামনে থেকে বের হওয়া মশাল মিছিলটি কামাল আতাতুর্ক অ্যাভিনিউ প্রধান সড়কে উঠে কাকলীর দিকে এগোতে থাকলে পুলিশ ধাওয়া দেয়। এরপর লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে আব্দুল হকসহ কয়েক জনকে আটক করে পুলিশ।