সিরিয়ায় মার্কিন বিমান হামলা ইরানের প্রতি সতর্কতা :বাইডেন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৮

আন্তর্জাতিক আইনের লঙ্ঘন :ইরান

এএফপি

যুক্তরাষ্ট্র সিরিয়ায় যে বিমান হামলা চালিয়েছে তা ইরানের জন্য সতর্কতা হিসেবে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে অবৈধ হিসেবে উল্লেখ করে বলেছে, এটি স্পষ্টতই মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

বিমান হামলা কি কোনো বার্তা বহন করছে—এ প্রশ্নের জবাবে শুক্রবার বাইডেন বলেন, সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানসমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলাকে ইরানের উচিত সতর্কতা হিসেবে দেখা। ব্যাপক শীতকালীন ঝড়ের পর টেক্সাসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে তিনি বইরানকে সতর্ক হতেও বললেন। উল্লেখ্য, সিরিয়ায় ইরানসমর্থিত দুটি বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, মার্কিন বাহিনীর হামলায় ইরানপন্থি ২২ জন মিলিশিয়া নিহত হয়েছে।

হামলা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, ‘প্রশাসনের বার্তা খুবই স্পষ্ট। আমাদের জনগণ, আমাদের অংশীদার ও আমাদের স্বার্থসংশ্লিষ্ট যে কোনো জায়গায় হামলায় ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে তিনি বিশেষভাবে ইরানের কথা তুলে ধরেন।’

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ভাষায় এ হামলার নিন্দা জানিয়ে একে অবৈধ হামলা হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয় বলেছে, এটি স্পষ্টতই মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই হামলা অঞ্চলটিতে সামরিক সংঘাত উসকে দেবে এবং অস্থিতিশীলতা বাড়াবে। সিরিয়া একে কাপুরুষোচিত মার্কিন আগ্রাসন হিসেবে উল্লেখ করে বলেছে, এটি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের একটি অশুভ ইঙ্গিত।