সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সড়কে অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকের চাপে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা সদরের নইনগাঁও গ্রামে নোয়াজের খালের বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়।
স্থানীয়রা জানান, দোয়ারাবাজার উপজেলা সদরের নোয়াজের খালের বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সওজ-এর পক্ষ থেকে এই ব্রিজে তিন টনের বেশি মালামাল পরিবহন নিষেধ রয়েছে এবং এই ব্রিজের পাশেই নতুন একটি ব্রিজ নির্মাণাধীন রয়েছে। গতকাল দুপুরে পাথরবোঝাই ঐ ট্রাকটি সিলেটের কোম্পানীগঞ্জ থেকে দোয়ারাবাজার হয়ে ছাতকে যাচ্ছিল। এ সময় ট্রাকের চালক ও দুই জন সহকারী সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। ব্রিজের দুই দিকে যানবাহন আটকা পড়েছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ছাতক-দোয়ারাবাজার এলাকার দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী এস এম সাইফুল ইসলাম জানান, নইনগাঁও বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকের চাপে এটি ভেঙে গেছে। তিন টনের বেশি যানবাহন চলাচলে নিষেধ থাকলেও রাতের আঁধারে অন্তত ৪০ টন ওজনের পাথরবোঝাই ট্রাক ওঠায় সেটি ভেঙে পড়েছে। ব্রিজটি দ্রুত মেরামত করে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে লোক পাঠানো হয়েছে।
