কিশোরগঞ্জে দুই বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৮

কিশোরগঞ্জ উপজেলায় সড়ক খুঁড়ে ফেলে রাখায় জনভোগান্তি হচ্ছে। জানা গেছে, সড়ক খুঁড়ের বক্সকাটিং করার পর দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, সড়কটিতে খোয়া বিছিয়ে রোলিং না করা এবং কিছু অংশ বক্সকাটিং করে খুঁড়ে রাখায় যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে পথচারীরা। সরেজমিনে ও উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায় রণচন্ডি ইউনিয়ন পরিষদ অফিস থেকে বাজেডুমরিয়া ক্যানেলের বাজার ভায়া বাংলাবাজার সড়কের ১০১৬ মিটার কাঁচা সড়ক পাকাকরণের জন্য ২০১৮-২০১৯ অর্থ বছরে এক কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।  বাংলাবাজার এলাকার বাসিন্দা মজিবর রহমান, খলিল মিয়া, এয়াকুব মিয়াসহ অনেকেই অভিযোগ করে বলেন, ‘ঠিকাদার দুই বছর আগে গোটা সড়ক খুঁড়ে সড়কে খোয়া বিছানোর কাজ সম্পন্ন করে কিছু অংশ অবশিষ্ট রেখে কাজ বন্ধ করে চলে যান। সড়কে বিছানো খোয়া ঠিকভাবে রোলিং না করার কারণে এবং বাকি সড়কটি খুঁড়ে রাখায় এলাকাবাসী ও পথচারীরা সীমাহীন কষ্ট ভোগ করছেন। উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ বলেন, ‘বরাদ্দ স্বল্পতার কারণে এবং ঠিকাদারকে বিল প্রদান করতে না পারায় সড়ক নির্মাণ কাজ বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।’