ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তির লাশ দাফনে বাধা দেওয়ার পর পুলিশের হস্তক্ষেপে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব দায়চারা গ্রামের বাসিন্দা মো. মোস্তফা কামালের লাশ দাফনে বাধা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মো. মোস্তফা কামালের লাশ দাফন করতে গেলে একই বাড়ির নূর মোহাম্মদ গং কবরস্থানের জমিটি তাদের বলে দাবি করে। স্থানীয় ইউপি সদস্য টেলু মিয়া জানান, আব্দুল লতিফ বিএসসি ও নূর মোহাম্মদ পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত্ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঐ বিরোধের জেরেই লাশ দাফনে বাধা দেওয়া হয়। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, লাশ দাফনকে কেন্দ্র করে যেন সংঘর্ষ না হয় সেজন্য তাত্ক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সম্মতিতে সামাজিক ও মানবিক দিক বিবেচনায় ঐ কবরস্থানেই লাশ দাফন করা হয়েছে।
