ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ সভা
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়ার কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ব সাহেদাপুর গ্রামে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর সভাপতিত্ব করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়াজী, আলী আকবর শেঠ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার প্রমুখ।
জাতীয় পরিসংখ্যান দিবসে আলোচনাসভা
জয়পুরহাট প্রতিনিধি জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে শনিবার জয়পুরহাটে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাহাত মান্নান। জেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জল কুমার দাস পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় পরিসংখ্যান দিবসের ওপর কি নোট পেপার উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় প্রমুখ।
সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা দেলদুয়ারে শনিবার উপজেলা সমবায় সমিতির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ইউসিসিএর চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ।
রাজবাড়ীতে মুজিববর্ষ ম্যারাথন সম্পন্ন
রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সহযোগিতায় ও রাজবাড়ী জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় মুজিববর্ষ ঢাকা ম্যারাথন সম্পন্ন হয়েছে। শনিবার সদর উপজেলার আলাদীপুর উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে পাঁচ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ময়দানে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
নারীর শান্তি ও নিরাপত্তাবিষয়ক সংলাপ
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় নারীর শান্তি ও নিরাপত্তাবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রমসংক্রান্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘের আয়োজনে প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সংগঠনের নেত্রকোনা কেন্দ্রের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা করেন প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, অধ্যাপক ননী গোপাল সরকার প্রমুখ।
ব্যবসায়ী হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসি দাবি
মদন (নেত্রকোনা) সংবাদদাতা মদনে ব্যবসায়ী হেকিম হত্যা ও ছাত্রলীগ কর্মী শরীফের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে শনিবার মানববন্ধন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ ও উপজেলা অটো সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা অটো সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ওয়ারেছ উদ্দিন প্রমুখ।
