বেপরোয়া হ্যান্ডট্রলি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৬

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন ১ নম্বর উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন পরিষদের মহিষখলা বাজার সংলগ্ন কালাগড় সড়কে ঘটে গেল হূদয়বিদারক ঘটনা। মহিষখোলা বাজারের ব্যবসায়ী ওয়াসিমের ছয় বছর বয়সি ছেলে গত শুক্রবার সকালে হ্যান্ডট্রলির নিচে পড়ে মারা গেল। হ্যান্ডট্রলির বেপরোয়া চলাচলে এর আগেও জীবন গেছে বেশ কয়েকজনের। কলমাকান্দা উপজেলা থেকে ব্যবসায়িক মালামাল মহিষখলা বাজারে আনা হয়ে থাকে হ্যান্ডট্রলিতে করেই। বর্তমানে রাস্তায় চলাচলকে বিপজ্জনক করে তুলেছে হ্যান্ডট্রলি। এমনিতেই রাস্তার দুর্দশা। তার ওপর বেড়েই চলছে ট্রলির বেপরোয়া চলাচল! কখনো ট্রলি রাস্তা ভেঙে খাদে পড়ে যায়, কখনোবা মানুষকে চাকার নিচে ফেলে পিষ্ট করে। রাতে ট্রলিগুলো চলাচল করলে মানুষের প্রাণনাশের আশঙ্কা কিছুটা কমবে বলে আশা করা যায়। এছাড়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ব্যবসায়ীরা মালামাল পরিবহনে ট্রলির পরিবর্তে নদীপথ ব্যবহার করতে পারেন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কাম্য।

আজিজুল হক, ধর্মপাশা, সুনামগঞ্জ