রাজশাহীতে পিস্তল হাতকড়াসহ চার প্রতারক গ্রেফতার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে অপহরণ করে চাঁদা আদায় চক্রের মূল হোতাসহ চার প্রতারককে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে ঐ চার জনকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার সকালে সংবাদ সম্মেলন করে রাজশাহী মহানগর পুলিশ বিস্তারিত জানায়।

গ্রেফতারকৃতরা হলেন— প্রতারক চক্রের মূল হোতা রাজশাহীর চারঘাট থানাধীন সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর সিপাহী মো. মনোয়ার হোসেন (৩৬)। পটুয়াখালী জেলার রাংগাবালী থানাধীন মো. তুহিন সরকার (৩২), রাজশাহীর চারঘাট থানাধীন মোসা. সেলিনা আক্তার সাথী(২৫) ও মো. খাইরুল ইসলাম (২৬)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বেলা ১২টায় ভুক্তভোগী অগ্রণী ব্যাংক চারঘাট শাখার ম্যানেজার বকুল কুমার সরকার (৩৩) সহকর্মী নিপেন্দ্র নাথ সরকারের বিকাশের টাকা দেওয়ার বিষয়টি সন্দেহ হওয়ায় তিনি ডিবি অফিসে আসেন এবং তথ্য দেন। তার দেওয়া  তথ্য মতে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের দিক-নির্দেশনায় ডিবি পুলিশের বিশেষ টিম তাত্ক্ষণিক অভিযান চালায়। এ অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম কোর্টবাজার চৌরাস্তা সংলগ্ন প্রতারকদের ভাড়াবাসার সামনের রাস্তা হতে ভুক্তভোগীকে আহত অবস্থায় উদ্ধার করে। প্রতারক চক্রের নেওয়া ভাড়াবাসার মালিক জানান, প্রতারকরা প্রায় এক মাস যাবত্ বাসা ভাড়া নিলেও নিয়মিত বাসায় থাকে না।