গাজীপুরে সাত চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩০

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সাতটি চোরাই মোটরসাইকেলসহ চার চোরকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আশুলিয়া থানার উত্তর গাজীরচট এলাকার সামু মিয়ার ছেলে দুর্জয় ওরফে সুজন, লক্ষ্মীপুরের রায়পুর থানার মধ্য কেরুয়া এলাকার ইলিয়াস ওরফে জহির আলমের ছেলে মো. হারুন অর রশিদ, তার ভাই মো. আল আমিন এবং নরসিংদীর রায়পুর থানার হাসনাবাদ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে মো. রাজীব। গাজীপুর জিএমপি কোনাবাড়ী থানার অসি আবু সিদ্দিক জানান, ২২ ফেব্রুয়ারি কোনাবাড়ি বিসিক এলাকায় একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্ত করতে গিয়ে গত তিন দিন অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে গাজীপুরের কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, আশুলিয়া, ময়মনসিংহের ভালুকা ও ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয় এবং তাদের কাছ থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একাধিক ডুপ্লিকেট চাবি দিয়ে কৌশলে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে।