উন্নয়নশীল দেশের মর্যাদায় জাতিসংঘের সুপারিশ অর্জনে যুবলীগের আনন্দ মিছিল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩০

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে যুবলীগ। মিছিল-পূর্ব সমাবেশে যুবলীগের নেতারা বলেন, ‘জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশকে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে। এটা বাঙালি জাতি হিসেবে আমাদের অহংকারের দিন, গর্বের দিন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এই অর্জন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন।’

২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আনন্দ মিছিল বের করে যুবলীগ। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যুবলীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ মিছিল-পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘এই অর্জন এমন এক সময় এসেছে যখন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি। এমনকি আমরা স্বাধীনতার ৫০তম বছর বা সুবর্ণজয়ন্তী পালন করছি। যখন সারা বিশ্ব ‘কোভিড-১৯’ ভাইরাসের সংকটে পড়েছে, সেই সংকট মোকাবিলা করে অতীতের মতো আরো একবার উচ্চারিত হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার নাম। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণ ঘটাতে কাজ করছেন। এজন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে মানবতার নেত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিবাদন।’

এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।