সেই কনস্টেবল বরখাস্ত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেরকুটা গ্রামে শিক্ষানবিশ আইনজীবী রাজীব হোসেন তামিমকে চাপাতি দিয়ে কুপিয়ে দুই হাত অচল করার ঘটনায় হাইওয়ে পুলিশের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কনস্টেবল জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিষ্কার করেছে জেলা পুলিশ। গতকাল জাহাঙ্গীরের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, আমরা লক্ষ্মীপুর জেলা পুলিশ কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছি। ঐ চিঠি আসামি জাহাঙ্গীরের বাসায় পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও সেই কনস্টেবল ও তার ভাই যুবলীগের বহিষ্কৃত নেতা আলমগীর হোসেনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে আইনজীবী রাজীব এখনো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। চিকিত্সকরা জানিয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। চাপাতির কোপে বাঁ-হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেক হাতের হাড় কয়েক টুকরো হয়ে গেছে। তার দুই হাত পঙ্গুর পথে। সেরে উঠতে আরো সময় লাগবে।       

পুলিশ দুই জনকে গ্রেফতার করলেও কনস্টেবল জাহাঙ্গীর ও তার ভাই বহিষ্কৃত যুবলীগ নেতা আলমগীরকে গ্রেফতার করতে পারেনি। এরই মধ্যে বাদীকে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন রাজীবের বাবা রহিম মিয়া।